মমতার ওপর ক্ষোভ, উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ অমিত শাহের!

ভূ-রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল শিলিগুড়ি করিডরের সুরক্ষায় বড় পদক্ষেপ করল কেন্দ্র। শুক্রবার শিলিগুড়ির রানিডাঙায় এসএসবি-র হেডকোয়ার্টারে প্রায় ১৮৯ কোটি টাকার প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি জানান, সীমান্ত সুরক্ষার জন্য জমি পেতে দীর্ঘ দিন চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় তিনি বলেন, নতুন সরকার আসার পরেই দ্রুত সমস্ত জমি হস্তান্তর করা হয়েছে।
দেশের নিরাপত্তা সুদৃঢ় করতে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির কথা জানিয়ে শাহ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যোগাযোগ ও অর্থনৈতিক বিকাশকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’ এবং রেল পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলিকে মূল ভূখণ্ডের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা হচ্ছে। রানিডাঙায় নতুন প্রশাসনিক ভবন ও ট্রানজ়িট ক্যাম্প চালুর ফলে এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও পরিকাঠামো এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।