সবচেয়ে বাজে ছবি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়, রেকর্ড গড়ছে কদাকার গরুর অ্যানিমেশন

চিনে নির্মিত নতুন অ্যানিমেটেড সিনেমা ‘নিউ লাই’ ঘিরে এখন বিশ্বজুড়ে প্রবল চর্চা চলছে। মাত্র ১৬ হাজার টাকা বাজেটে তৈরি এই ছবিটি পাঁচ বছর ধরে পরিচালনা করেছেন সিন ইউমেং ও তাঁর মা সুন লিফাং। কাহিনিটি গড়ে উঠেছে একটি সাধারণ গরুর যোদ্ধা হয়ে ওঠার অদ্ভুত গল্প নিয়ে। প্রাথমিক পর্যায়ে প্রেক্ষাগৃহ ফাঁকা থাকলেও, কাঁচা অ্যানিমেশন ও দুর্বল চিত্রনাট্যের কারণে ছবিটির যে চরম বাজে সমালোচনা শুরু হয়, সেটাই এর প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। একটা সিনেমা কতটা খারাপ হতে পারে, কেবল সেই কৌতূহল মেটাতে প্রেক্ষাগৃহে এখন ভেঙে পড়ছেন অসংখ্য উৎসুক দর্শক।
সমালোচকদের কটাক্ষকে কাজে লাগিয়েই চিনের বক্স অফিসে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এই কম বাজেটের ছবি। মুক্তি পাওয়ার প্রথম কয়েক দিনে আয় নামমাত্র থাকলেও, হঠাৎ করেই এক দিনে এর উপার্জন পৌঁছে যায় ৭ লক্ষ ইউয়ানের গণ্ডিতে। অতি অল্প সময়ের মধ্যেই এটি ২৩ লক্ষ ইউয়ানের ব্যবসার মুখ দেখেছে। এর ফলে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’-র মতো বিশ্বখ্যাত বিগ বাজেট সিনেমাকেও আয়ের দৌড়ে পিছিয়ে দিয়েছে ছবিটি। ১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরে মুক্তি পেতে যাওয়া এই কদাকার গরুর ছবি এখন নেটপাড়ার নতুন হাসির খোরাক।