আবাস যোজনার কোটি টাকার হরিলুট! কাঠগড়ায় জালিয়াতি চক্র?

জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের জব কার্ড নম্বর বেআইনিভাবে ব্যবহার করে জেলার অন্য পঞ্চায়েতের লোকজনকে ঘর বরাদ্দ করা হয়েছে। বুথ প্রতি অন্তত কুড়ি জন এবং পুরো পঞ্চায়েত মিলিয়ে দুই শতাধিক মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। উপভোক্তা প্রতি ১ লক্ষ ২০ হাজার টাকা হিসেবে এই দুর্নীতির পরিমাণ তিন কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাসওয়ার্ড কারচুপির মাধ্যমে এই চক্র পরিচালিত হওয়ায় উপভোক্তাদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হয়েছে।
এভাবে প্রতারিত হয়ে দিশাহারা হয়ে পড়েছেন অসহায় গরিব মানুষ। ক্ষতিগ্রস্তরা গ্রাম পঞ্চায়েত অফিসে সুরাহা না পেয়ে অবশেষে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও-র দ্বারস্থ হয়েছেন। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে তারা সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, নির্ধারিত সময়ের মধ্যে যাতে তাঁরা তাঁদের প্রাপ্য সরকারি ঘর ফিরে পান, সেই ব্যবস্থা করারও জোরালো আবেদন জানিয়েছেন প্রতারিত গ্রামবাসীরা।