গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় কুণাল ঘোষ! দলবদল নিয়ে তুঙ্গে জল্পনা?

রাজ্যের রাজনৈতিক মহলে ফের শোরগোল ফেলে দিয়েছেন শাসকদলের পরিচিত মুখ কুণাল ঘোষ। শুক্রবার একেবারে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বর। এদিন বেলেঘাটার বিধায়ককে গলায় গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় ঘুরে বেড়াতে দেখা যায়। কখনো ফোনে ব্যস্ত থাকতে, আবার কখনো সহকর্মীদের সঙ্গে খোশমেজাজে কথা বলতে দেখা যায় তাঁকে। এই ছবি প্রকাশ্যে আসতেই চারদিকে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি দীর্ঘদিনের দলবদলের গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে চলেছে?
যদিও এই ঘটনার পর সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়করা। বিধানসভায় উপস্থিত থেকে বিজেপি বিধায়ক সজল ঘোষ পরিষ্কার জানিয়েছেন, গোরক্ষা বাহিনীর সদস্যরা বিধানসভায় এসেছিলেন এবং তাঁরাই কুণাল ঘোষকে ওই উত্তরীয় পরিয়ে দেন। শুধুমাত্র গেরুয়া উত্তরীয় পরার অর্থ এই নয় যে তিনি অন্য শিবিরে যোগ দিচ্ছেন। এর আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি নিয়ে চর্চা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিধানসভায় ঘটে যাওয়া এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।