হোমওয়ার্ক না করায় শিক্ষিকার চড়! বিশাখাপত্তনমে ক্লাসরুমেই প্রাণ গেল LKG-র ছাত্রের, সিসিটিভিতে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

হোমওয়ার্ক না করায় শিক্ষিকার চড়! বিশাখাপত্তনমে ক্লাসরুমেই প্রাণ গেল LKG-র ছাত্রের, সিসিটিভিতে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য

হোমওয়ার্ক করে না আসার অপরাধে শিক্ষিকার প্রহারে প্রাণ গেল এলকেজির এক পুঁচকে ছাত্রের। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বেসরকারি স্কুলে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। গোটা ঘটনার শিউরে ওঠার মতো দৃশ্য ধরা পড়েছে ক্লাসরুমের সিসিটিভি ক্যামেরায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আর পাঁচটা সাধারণ দিনের মতোই হাসিমুখে স্কুলে গিয়েছিল ছয় বছরের শিশু প্রণয় তেজা। ক্লাস শুরু হতে শিক্ষিকা সবাইকে হোমওয়ার্ক দেখাতে বলেন। কিন্তু প্রণয় খাতা জমা দিতে না পারায় বেজায় চটে যান তিনি। অভিযোগ, প্রণয়কে তীব্র গালিগালাজ করার পর সবার সামনেই তার গালে সজোরে এক চড় মারেন ওই শিক্ষিকা।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, থাপ্পড় খাওয়ার কয়েক মুহূর্ত পরেই মাথা ঘুরে জ্ঞান হারিয়ে ওই শিক্ষিকার গায়েই ঢলে পড়ে প্রণয়। এরপর তাকে ডেকে তোলার অনেক চেষ্টা করা হলেও খুদে শিক্ষার্থী আর কোনো সাড়া দেয়নি।

তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য দেহ কেজিএইচ (KGH) হাসপাতালে পাঠানো হয়। ঘটনা জানাজানি হতেই ওয়ান টাউন এলাকার ওই স্কুলের সামনে এবং হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন প্রণয়ের স্বজনরা। মৃত ছাত্রের মায়ের অভিযোগ, সকালে সুস্থ শরীরে স্কুলে যাওয়া ছেলে যে নিথর হয়ে ফিরবে, তা তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি।

এই মর্মান্তিক ঘটনায় অন্ধ্রপ্রদেশের শিক্ষা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ তীব্র নিন্দা জানিয়েছেন। ‘লিটল গার্ডেন প্রাইভেট স্কুল’-এর এই কাণ্ডকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করে তিনি জানান, অভিযুক্ত শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *