পুজোর আগেই বাম্পার উপহার! ১ অক্টোবর থেকে বাড়ছে পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের ডিএ!

ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় আর্থিক ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে রাজ্যের পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এই নির্দেশিকায় ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত সমস্ত কর্মী উপকৃত হবেন। ষষ্ঠ বেতন কমিশনের কাঠামো অনুযায়ী সংশোধিত বেতনের ভিত্তিতে মূল বেতনের ৩৮ শতাংশ হারে এবং পঞ্চম বেতন কমিশনের প্রাক-সংশোধিত কাঠামোয় ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ হারে ডিএ ও ডিআর প্রদান করা হবে।
একই সঙ্গে যে সমস্ত দৈনিক মজুরিভিত্তিক কর্মী ন্যূনতম মজুরি আইনের বাইরে রয়েছেন, তাঁদের দৈনিক মজুরি এক ধাক্কায় ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। এই সমস্ত সিদ্ধান্ত ১ অক্টোবর থেকেই কার্যকর হবে এবং চূড়ান্ত হিসাবের ক্ষেত্রে ভগ্নাংশ নিকটবর্তী পূর্ণ টাকায় রূপান্তর করা হবে। পুজোর মরশুমের ঠিক আগে এই ঘোষণায় রাজ্যজুড়ে পঞ্চায়েত স্তরের কর্মী ও পেনশনভোগীদের মধ্যে খুশির হাওয়া বইছে। অন্যদিকে, সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের কাছে স্পষ্ট সময়সূচি তলব করেছে কলকাতা হাইকোর্ট।