শওকতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ! ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে জুড়ল ইউএপিএ ধারা

ভাঙড় বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা শওকত মোল্লা ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে এই মামলায় কঠোর ইউএপিএ ধারা প্রয়োগের আবেদন জানানো হয়। এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি পুট আপ পিটিশন দিয়ে আইনের ১৬ ও ১৮ ধারা যুক্ত করার এই আর্জি জানান। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যেখানে বোমা তৈরির সময় একজনের মৃত্যু ও অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।
ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর এনআইএ শওকত মোল্লাকে মূল চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করে ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেয়। তদন্তকারীদের দাবি, ধৃত নেতার নির্দেশেই এলাকায় বেআইনিভাবে বোমা বাঁধার কাজ চলছিল এবং বিস্ফোরণের পরেও তাঁর মোবাইল ফোন থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই হাই-প্রোফাইল মামলায় ইউএপিএ ধারা যুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং শওকত মোল্লার আইনি চাপ বহুগুণ বেড়ে গেছে।