লোহার রড দিয়ে মাথার পেছনে সজোরে আঘাত, সম্পত্তি বিবাদে ভাইয়ের হাতে প্রাণ গেল নিরীহ দাদার

পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে চরম ও মর্মান্তিক পরিণতি ঘটল হুগলির শ্রীরামপুরে। শুক্রবার সকালে স্নান সেরে ঘরে ফেরার পথে ৬৬ বছর বয়সী শ্রীরামপুর বাগপাড়ার বাসিন্দা যোগেশচন্দ্র বাগের ওপর আচমকা লোহার রড নিয়ে আক্রমণ চালায় তাঁর ছোট ভাই তপন বাগ। পেশায় গ্যাস সিলিন্ডার ডেলিভারি কর্মী যোগেশচন্দ্র বাবুকে রডের সজোড় আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের মতে, যোগেশ অত্যন্ত নিরীহ স্বভাবের মানুষ ছিলেন।
রক্তাক্ত অবস্থায় যোগেশচন্দ্রকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পরপরই অভিযুক্ত টোটোচালক ভাই তপন বাগ নিজেই স্থানীয় পিয়ারাপুর ফাঁড়িতে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। শ্রীরামপুর থানার পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে এবং নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে জমি-জায়গা সংক্রান্ত পুরোনো শত্রুতাকেই এই হত্যাকাণ্ডের প্রধান কারণ বলে মনে করছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় খুনের মামলা রুজু করে ঘটনার বিশদ তদন্ত শুরু করা হয়েছে।