ভাঙড় বিস্ফোরণ কাণ্ড: শওকত মোল্লার বিরুদ্ধে যুক্ত হলো ইউএপিএ, চরম বিপাকে তৃণমূল নেতা

ভাঙড় বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা শওকত মোল্লাসহ চার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ‘ইউএপিএ’ (UAPA) ধারা প্রয়োগের আবেদন জানাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ এজলাসে বিচারক অনুপম মাইতির কাছে এ বিষয়ে পুট আপ পিটিশন জমা দেন এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি। তিনি ১৬ ও ১৮ নম্বর ধারা যুক্ত করার আর্জি জানিয়েছেন।
বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা বাঁধার সময় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যাতে একজনের মৃত্যু হয় এবং অন্য একজন গুরুতর আহত হন। পরবর্তীকালে এনআইএ তদন্তভার হাতে নিয়ে সোনারপুরের কামালগাজির কাছ থেকে শওকত মোল্লাকে গ্রেপ্তার করে। ৮৭ দিনের মাথায় পেশ করা চার্জশিটে এনআইএ শওকতকেই এই ঘটনার মূল চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করে।
তদন্তকারীদের দাবি, শওকতের প্রত্যক্ষ নির্দেশেই এলাকায় বোমা তৈরি হচ্ছিল। তাছাড়া বিস্ফোরণের পর পরিস্থিতি সামাল দিতে তাঁর মোবাইল ফোন থেকে একাধিক নির্দেশনা দেওয়া হয়, যার বেশ কিছু তথ্যপ্রমাণ এনআইএ-র হাতে এসেছে। ইউএপিএ ধারা যুক্ত হওয়ার আবেদন মঞ্জুর হলে তৃণমূলের এই প্রভাবশালী নেতার আইনি জটিলতা ও অস্বস্তি যে বহুলাংশে বৃদ্ধি পাবে, তা নিশ্চিত।