‘লাপতা লেডিজ’ খ্যাত অভিনেতার সাথে প্রতারণা ও হেনস্তা, পরিচালক দম্পতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে মামলা

‘লাপতা লেডিজ’ খ্যাত অভিনেতা সতেন্দ্র সোনি পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী প্রগতি চৌহানের বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক না দেওয়া, শারীরিক নির্যাতন, বেআইনিভাবে আটকে রাখা ও প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় রুজু হওয়া এই মামলায় অভিনেতার দাবি, ‘পেইড পালকি’ নামের ছবিতে অভিনয়ের জন্য তাঁর সাথে ৩ লক্ষ টাকার চুক্তি হয়েছিল এবং প্রতিদিনের পারিশ্রমিক বাবদ ৩০ হাজার টাকা নির্ধারিত ছিল। তবে মাত্র ৫০ হাজার টাকা অগ্রিম দেওয়ার পর বাকি টাকা আর মেটানো হয়নি।
মধ্যপ্রদেশে শুটিং চলাকালীন বকেয়া পারিশ্রমিক চাওয়ায় তাঁকে মারাত্মক শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হতে হয় বলে সোনি অভিযোগ করেছেন। বিশেষ করে তাঁর শারীরিক গঠন ও ডোয়ার্ফিজম নিয়ে কটু কথা বলে অপমান করার অভিযোগও উঠেছে নির্দেশক দম্পতির বিরুদ্ধে। দেড় বছর আগে শুরু হওয়া একটি নতুন প্রকল্পের নাম বদলে এই শুটিং চালানো হয়েছিল বলে জানা গেছে। এই ঘটনায় তাঁর শারীরিক, মানসিক ও আর্থিক ব্যাপক ক্ষতি হয়েছে জানিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি, এবং বর্তমানে পুলিশ পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।