মাইসুরুতে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন হরিণঘাটার গৃহবধূসহ ৩, আশঙ্কাজনক শিশু

ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো এক বাঙালি পরিবারের। মাইসুরুতে এক ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা অরুন্ধতী নাগ (৩১), তাঁর পিসতুতো দিদি অনিতা ও জামাইবাবু। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অরুন্ধতীর স্বামী শান্তনু নাগ এবং তাঁদের ৩ বছরের শিশুকন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট হরিণঘাটা থেকে চেন্নাইয়ে জামাইবাবুর বাড়িতে যান অরুন্ধতী ও শান্তনু। এরপর ২০ আগস্ট তাঁরা সবাই মিলে একটি চারচাকা গাড়িতে করে বেঙ্গালুরু ও মাইসুরু ভ্রমণে বের হন। মাইসুরু থেকে ফেরার পথে পাহাড়ি রাস্তায় দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অরুন্ধতীর স্বামী ও কন্যাসন্তানকে সংকটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা ইতিম্যধ্যে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় হরিণঘাটায় শোকের ছায়া নেমে এসেছে।