টাকা শেষ হতেই ফাঁদে! ঝাড়খণ্ড থেকে ফেরামাত্রই গ্রেফতার নিউমার্কেটের অগ্নিদগ্ধ হোটেলের মালিক

কলকাতা: নিউ মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত তথা হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। গত মঙ্গলবার রাতে হোটেলে আগুন লাগার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন তিনি। টানা কিছুদিন আত্মগোপন করে থাকার পর, শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের নিজের বাড়ি ফিরতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
কীভাবে ধরা পড়লেন অভিযুক্ত? পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ধানবাদে পালিয়ে যান বীরেশ্বর। সেখানে তাঁর অধীনস্থ কয়েকজন কর্মচারীর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি। তবে পুলিশ কৌশল বজায় রেখে দ্রুত তাঁর দুটি প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ (Freeze) করে দেয়। ফলে টাকার অভাবে চরম বিপাকে পড়েন তিনি। অনুমান করা হচ্ছে, নগদ টাকার সংকট তৈরি হওয়াতেই বাধ্য হয়ে ধানবাদ থেকে কলকাতায় নিজের বেহালার বাড়িতে ফেরেন তিনি। আর গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে তাঁকে জালে তোলে পুলিশ।
কী কী অভিযোগ দায়ের হয়েছে? হোটেলে উপযুক্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থা না রাখা, নথিপত্রে গাফিলতি এবং বিপদের মুখে আবাসিকদের ফেলে চম্পট দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে এখন তাঁকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
কঠোর প্রশাসনিক পদক্ষেপ: অন্যদিকে, এই দুর্ঘটনার পর এলাকার একাধিক হোটেলকে কারণ দর্শানোর (Show-cause) নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা ও দমকল বিভাগ। পরিকাঠামোগত সুরক্ষার সন্তোষজনক জবাব না মেলায় শুক্রবার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন পুর-আধিকারিকেরা। নিয়ম অমান্য করে চলতে থাকা ১১টি হোটেল বন্ধের নোটিস দেওয়া হয়েছে এবং আবাসিকদের সরিয়ে হোটেল ফাঁকা করার কড়া সময়সীমা বেঁধে দিয়েছে পুরসভা।