‘বহুজন এনসিপিআই’ ঘিরে তুলকালাম, তীব্র ক্ষোভের মুখে পোস্ট বদলাতে বাধ্য হলেন কাকলি-পুত্র
লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদের নতুন দল এনসিপিআই (ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া) এখনও পর্যন্ত লোকসভার স্পিকার ওম বিড়লার থেকে আইনি স্বীকৃতি পায়নি। এই অনিশ্চয়তার মাঝেই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র, চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
পোস্টে তিনি ‘বহুজন এনসিপিআই’ শব্দবন্ধ ব্যবহার করে দলিত, মুসলিম ও অনগ্রসর শ্রেণিকে দলে যোগদানের আহ্বান জানান এবং দলীয় পদে ২৫% সংরক্ষণের কথা উল্লেখ করেন। এর ফলে এনসিপিআই-এর অন্দরেই নতুন বিভাজনের জল্পনা শুরু হয়।
যদিও বিতর্কের মুখে বৈদ্যনাথ ও কাকলি দেবী উভয়েই স্পষ্ট করেন যে, এটি আলাদা কোনো দল নয়, বরং অনগ্রসর শ্রেণির কল্যাণে তৈরি একটি সামাজিক শাখা বা উইং। তবুও এনসিপিআই সাংসদদের জরুরি ভার্চুয়াল বৈঠকে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। অস্তিত্ব সঙ্কটে থাকা দলটির একাধিক সাংসদ এই ধরনের পোস্টের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। পরবর্তীতে তীব্র চাপের মুখে পূর্বের পোস্টটি মুছে ‘ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই’ লিখে নতুন পোস্ট করেন কাকলি-পুত্র।