দল ছাড়ার দুদিনের মধ্যেই খাস ভাঙড়ে ভয়াবহ হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরাবুল ইসলাম

দল ছাড়ার দুদিনের মধ্যেই খাস ভাঙড়ে ভয়াবহ হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরাবুল ইসলাম

শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকায় প্রাক্তন আইএসএফ নেতা আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে আচমকা হওয়া এই হামলায় তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনার খবর পেয়েই পোলেরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

উল্লেখ্য, সম্প্রতি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিলেও মাত্র পাঁচ মাসের মাথায় মোহভঙ্গ ঘটে তাঁর। গত বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আইএসএফ দলের বিরুদ্ধে স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা করেছিলেন তিনি। লুম্পেন বাহিনীর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করার রেশ কাটতে না কাটতেই এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটল। এই ঘটনায় এলাকায় নতুন করে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আরাবুল ইসলাম এ বিষয়ে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন, যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *