ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে দ্য কেরালা স্টোরি! ছবি নিষিদ্ধ করার মামলা কি এবার বড় মোড় নিতে চলেছে?

‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কিত ছবির সেন্সর বোর্ড (CBFC) সার্টিফিকেশন বাতিলের দাবিতে দায়ের হওয়া দুটি মামলার নিষ্পত্তি করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, ছবিটি ইতিমধ্যেই মুক্তি পাওয়ায় এই আবেদনগুলির কার্যকারিতা ফুরিয়েছে। একইসঙ্গে, পশ্চিমবঙ্গে ছবি প্রদর্শনের ওপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রযোজক সংস্থার করা আবেদনও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের পক্ষ থেকে সেন্সর বোর্ডের সার্টিফিকেট চ্যালেঞ্জ করার আইনি অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভবিষ্যতের জন্য খোলা রেখেছে শীর্ষ আদালত।
আবেদনকারীদের আইনজীবী আদালতের কাছে ঘৃণামূলক বক্তব্য ছড়ানো ছবিগুলির জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরির আর্জিও জানান। আদালত এই বিষয়ে পৃথক রিট পিটিশন দাখিলের পরামর্শ দিয়েছে। সুদীপ্ত সেন পরিচালিত এই আলোচিত চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই তীব্র রাজনৈতিক ও সামাজিক সমালোচনার মুখে পড়েছিল। ছবিটিতে কেরলের নারীদের ধর্মান্তরিত করে জঙ্গি সংগঠনে যুক্ত করার যে দাবি করা হয়েছিল, তা নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়। ছবি মুক্তি পেলেও সাধারণ দর্শকের আইনি প্রতিকার ও সেন্সরশিপের মানদণ্ড নিয়ে এই আইনি লড়াই ভবিষ্যতে বড় মোড় নিতে পারে বলেই মনে করা হচ্ছে।