লাখ টাকার ‘প্যাকেটে’ মিলত ফায়ার লাইসেন্স, নিউ মার্কেটের ৭০টি বেআইনি হোটেল সিল হওয়ার মুখে

লাখ টাকার ‘প্যাকেটে’ মিলত ফায়ার লাইসেন্স, নিউ মার্কেটের ৭০টি বেআইনি হোটেল সিল হওয়ার মুখে

কলকাতা নিউ মার্কেটের সম্প্রতি সিল হওয়া একাধিক হোটেলের মালিকদের থেকে বিস্ফোরক তথ্য এসেছে। নগদ দেড় থেকে দুই লাখ টাকার বিনিময়ে দমকল থেকে তিন বছরের ‘ফায়ার সেফটি’ সার্টিফিকেট এবং অতিরিক্ত প্রায় ৫০ হাজার টাকার বিনিময়ে মিলত ‘ফায়ার লাইসেন্স’। লাখ টাকার এই ঘুষের বিনিময়ে লাইসেন্স হাতিয়ে নিয়ে অনায়াসেই পুরসভা থেকে ট্রেড লাইসেন্স এবং সিইএসসি (CESC) থেকে বিদ্যুৎ সংযোগ পেয়ে যান ব্যবসায়ীরা।

শিখা-ইন হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর যৌথ তদন্তে নেমে পুলিশ এবং বিশেষজ্ঞ টিম জানতে পেরেছে যে, ঘুষ দিয়ে বেনিয়মে চলছিল এই ব্যবসাগুলো। তদন্তকারীদের স্ক্যানারে এখন বিগত ১০-১২ বছরে দমকলের সদর দপ্তরে দায়িত্বরত অফিসাররা। সূত্রে খবর, এই অনিয়মের কারণে নিউ মার্কেট জোনের প্রায় ৬০ থেকে ৭০টি বেআইনি হোটেল বন্ধ হতে চলেছে।

২০০৩ সালে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের আমলে ফায়ার সেফটি ও লাইসেন্স পরিদর্শনের দায়িত্ব বেসরকারি এজেন্সিকে দেওয়ার প্রস্তাব ক্যাবিনেটে অনুমোদন পেলেও তা কার্যকর হয়নি। সাবেক দমকল অধিকর্তা বিভাস গুহর মতে, সেই সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত ৩০-৪০ শতাংশ অগ্নিকাণ্ড এড়ানো যেত। পরবর্তীতে তৃণমূল জমানায় অনলাইনে আবেদন ও ‘সেলফ ডিক্লেয়ারেশন’ ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু অসাধু স্টেশন অফিসার টাকার বিনিময়ে অযোগ্য হোটেল ও প্রতিষ্ঠানে অনুমোদন দেওয়া শুরু করেন। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে ঘুষের টাকায় বহু অফিসার রাতারাতি বিপুল সম্পত্তি গড়েন, যা এখন সিট-এর (SIT) কড়া নজরদারিতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *