স্বাস্থ্য পরিষেবায় বড় বদল! কর্মী সংকট ও পরিকাঠামো নিয়ে কড়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা কাটাতে এবং বেহাল পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে কড়া পদক্ষেপ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। টানা তিনদিন বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের পর এক উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কিছু যুগান্তকারী নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দিয়ে ৩০ ফুট অন্তর বিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কর্মী-ঘাটতি মেটাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
চিকিৎসা পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘লোকাল ফর লোকাল’ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবায় স্বচ্ছতা আনতে নতুন ভাড়ার কাঠামো তৈরির পাশাপাশি অগনিরাপত্তার ক্ষেত্রে সব হাসপাতালকে দ্রুত ফায়ার অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং আবাসন ব্যবস্থার উন্নয়নসহ জেলার সার্বিক স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে এই রূপরেখা প্রস্তুত করা হয়েছে।