রাজ্যে আসছে খাস বিপর্যয় মোকাবিলা দল! কাদের নিয়ে তৈরি হচ্ছে এই বাহিনী?

প্রাকৃতিক বিপর্যয় কিংবা বড় দুর্ঘটনার জরুরি পরিস্থিতিতে ভিন্রাজ্য বা কেন্দ্রীয় বাহিনীর ওপর নির্ভরতা সম্পূর্ণ এড়াতে এক ঐতিহাসিক পদক্ষেপ করল রাজ্য সরকার। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর আদর্শে পশ্চিমবঙ্গের নিজস্ব বিশেষ উদ্ধারকারী দল ‘অর্জুন বাহিনী’ গড়ার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সৈনিক বোর্ডের সহায়তায় গঠিত এই বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে আগামী সেপ্টেম্বরেই। পূর্বের বিভিন্ন ভয়াবহ সংকটের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের নিজস্ব বিপর্যয় মোকাবিলা পরিকাঠামোকে আরও মজবুত ও গতিশীল করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিবীরদের এই বিশেষ দলে যুক্ত করার পরিকল্পনা করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা কার্যকর না হওয়ায় সৈনিক বোর্ডকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক সরঞ্জাম ও উন্নত পরিকাঠামোয় সুসজ্জিত এই ‘অর্জুন বাহিনী’ ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় দুর্ঘটনায় দ্রুত ও স্বয়ংসম্পূর্ণভাবে উদ্ধারকাজ পরিচালনা করতে সক্ষম হবে। এছাড়া, আগামী দিনে এই বাহিনীতে নতুন নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য কুড়ি শতাংশ অগ্রাধিকার দেওয়ার কথাও স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে।