“৬ মাসের বাচ্চা তো আর গামলা ভরা দুধ খাবে না!” পার্ক স্ট্রিট বিতর্কে পাল্টা তোপ অগ্নিমিত্রার

“৬ মাসের বাচ্চা তো আর গামলা ভরা দুধ খাবে না!” পার্ক স্ট্রিট বিতর্কে পাল্টা তোপ অগ্নিমিত্রার

কলকাতা: শহরজুড়ে ফুটপাত দখলমুক্ত করা এবং নানা অনিয়ম হাতেনাতে ধরতে শনিবার পার্ক স্ট্রিট পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে ফুটপাতে এক মহিলাকে তাঁর ৬ মাসের নাতির জন্য স্টোভে দুধ গরম করতে দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফুটপাতে কেন এভাবে সংসার পাতা হয়েছে এবং খোলা আকাশের নিচে শিশুর পোশাক ঝুলছে—তা নিয়ে তীব্র আপত্তি জানান মন্ত্রী। নিজের হাতেই পোশাক সরিয়ে দেওয়ার পাশাপাশি পুরো ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির। ফুটপাত দখলমুক্ত করার উদ্দেশ্য ঠিক থাকলেও, ৬ মাসের শিশুর দুধ গরম করা নিয়ে মন্ত্রীর এমন কড়া আচরণকে ‘অসংবেদনশীল’ বলে আখ্যা দিয়েছেন বিরোধীরা।

তবে বিরোধী শিবিরের শত সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অগ্নিমিত্রা পাল। বিষয়টিকে বিরোধীদের ‘রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা’ বলে দাবি করে তিনি বলেন, “৬ মাসের শিশু তো আর গামলা ভরা দুধ খাবে না! ওই ব্যস্ত রাস্তার পাশে শিশুটি হামাগুড়ি দিচ্ছিল, পাশে স্টোভে দুধ জাল হচ্ছিল। কোনো বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত? তাছাড়া ধুলো-বালির মধ্যে খোলা আকাশের নিচে তৈরি দুধ খেলে শিশুর স্বাস্থ্যই বা কীভাবে ভালো থাকবে?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “ওদের বাড়ি তো ধাপায়, তাহলে ধাপার বাড়ি ছেড়ে পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করতে আসতে হবে কেন? সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে—ফুটপাত শুধুই পথচারীদের চলাচলের জন্য।”

মন্ত্রীর সাফ কথা, ফুটপাতে দুধ হোক কিংবা পকোড়া—কোনো রান্নাবান্নাই বরদাস্ত করা হবে না। ভালো কাজ করতে গেলেই বিরোধীরা রাজনীতি শুরু করে, অথচ কোনো দুর্ঘটনা ঘটলে সরকারের দিকেই আঙুল তুলত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *