১৫০টির বেশি পণ্যে FSSAI-এর কড়া নজর! কোন কোন নামী ব্র্যান্ডের বিরুদ্ধে বসল নিষেধাজ্ঞার খাঁড়া?

ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে দেশের প্রায় ১৫০ থেকে ১৭০টি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় প্রস্তুতকারক সংস্থাকে নোটিস পাঠিয়েছে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (FSSAI)। পেপসিকোর স্টিং, রেড বুল, মনস্টার এনার্জি, নেসলে এবং ডাবরের মতো নামী ব্র্যান্ডগুলি প্যাকেটের গায়ে “১০০ শতাংশ ন্যাচারাল”, “হেলদি” বা “এনার্জি ড্রিঙ্ক”-এর মতো বৈজ্ঞানিক প্রমাণহীন ও বিভ্রান্তিকর দাবি করছে বলে অভিযোগ উঠেছে। নিয়ন্ত্রক সংস্থার স্পষ্ট বক্তব্য, ভারতীয় খাদ্য আইনে স্বতন্ত্র কোনো “এনার্জি ড্রিঙ্ক” ক্যাটাগরি না থাকলেও বহু সংস্থা এই নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।
FSSAI-এর এই কঠোর পদক্ষেপের ফলে বেশ কিছু বহুজাতিক সংস্থা ইতিমধ্যে তাদের পণ্যের লেবেল থেকে আপত্তিকর শব্দগুলি সরাতে শুরু করেছে। সংশ্লিষ্ট কো ম্পা নিগুলিকে তাদের দাবির সপক্ষে সুনির্দিষ্ট ল্যাব রিপোর্ট ও বৈজ্ঞানিক প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্তোষজনক প্রমাণ দিতে ব্যর্থ হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, বাজার থেকে পণ্য প্রত্যাহার এবং লাইসেন্স বাতিল করা হবে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, চোখ ধাঁধানো বিজ্ঞাপনের ওপর অন্ধ ভরসা না রেখে খাদ্যপণ্যের উপাদানের তালিকা যাচাই করেই কেনাকাটা করা উচিত।