মাত্র দশ বছরেই অবিশ্বাস্য বিপ্লব! ৭ হাজার কোটি থেকে সোজা ৩১৪ লক্ষ কোটিতে পৌঁছল ইউপিআই লেনদেন

মাত্র এক দশকে ভারতের আর্থিক লেনদেনের চিত্রে এনে দিয়েছে অভূতপূর্ব পরিবর্তন। রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে ২০১৬ সালের ২৫শে আগস্ট পথচলা শুরু করা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই আজ পূর্ণ করল তার দশ বছরের সফল যাত্রা। ২০১৬-১৭ অর্থবর্ষে যেখানে এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে মোট লেনদেনের পরিমাণ ছিল মাত্র ৭,০০০ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা আকাশছোঁয়া বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১৪ লক্ষ কোটি টাকায়। সরকারের তথ্য অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় ১৩,০০০ গুণ বেড়েছে।
বর্তমানে বিশ্বের ১১টি দেশে চালু থাকা এই পরিষেবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্বীকৃতি অনুযায়ী বিশ্বের বৃহত্তম রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে। প্রতিদিন গড়ে ৬৬ কোটির বেশি লেনদেন হওয়া এই প্ল্যাটফর্মে বর্তমানে যুক্ত রয়েছে ৭৪১টি ব্যাঙ্ক। ছোট ও মাঝারি ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও এর প্রভাব অত্যন্ত গভীর, যার সিংহভাগই খুচরা বাজারে সম্পন্ন হয়। আগামী দিনে আরও বেশি সংখ্যক নাগরিককে এই ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনতে নয়া নীতি গ্রহণের পরিকল্পনা করছে কেন্দ্র।