‘লক্ষ্মীর ভাণ্ডার আত্মসম্মানের প্রতীক’, অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠনের পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একাধিক জেলায় অনেক মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় আন্দোলনে নেমেছেন।
সোমবার এক ফেসবুক লাইভে মমতা প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে বিজেপি এই প্রকল্পে কোনো শর্ত বা যোগ্যতার মাপকাঠির কথা ঘোষণা করেনি, অথচ এখন বহু মানুষকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, “নির্বাচনের আগে এজেন্সির মাধ্যমে মা-বোনেদের ফর্ম ফিলাপ করানো হয়েছিল, তখন শর্তের কথা বলা হয়নি। আজ বলা হচ্ছে যোগ্যতা নেই। বিজেপি ঠিক করার কে, কার যোগ্যতা আছে আর কার নেই?” তিনি বঞ্চিত মহিলাদের নিজ নিজ এলাকায় তালিকা তৈরি করে রাখার পরামর্শ দিয়েছেন।
অন্যদিতে, অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতা পাল্টা তোপ দেগে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার ছিল মহিলাদের আত্মসম্মান ও স্বনির্ভরতার প্রতীক। তা সত্ত্বেও আজ সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে।
তবে সমস্ত অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যে ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। যাঁরা যোগ্য, তাঁরা পর্যায়ক্রমে অবশ্যই টাকা পাবেন। তিনি আরও জানান, আবেদনের জন্য পোর্টাল খোলা হয়েছে এবং অযোগ্যদের আবেদন সংক্রান্ত কিছু অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।