হাইকোর্টে স্বস্তি মহুয়া মৈত্রের: পরোয়ানায় স্থগিতাদেশ, ৩১ আগস্ট পর্যন্ত মিলল আইনি সুরক্ষা

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার মামলায় আইনি লড়াইয়ে বড় ধরনের স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ আগস্ট বা পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত এই মামলার ভিত্তিতে পুলিশ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো কঠোর বা আইনি পদক্ষেপ নিতে পারবে না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ আগস্ট।
ঘটনার নেপথ্যে রয়েছে কৃষ্ণনগরের ঘূর্ণির ৬ জন মহিলা বাসিন্দার দায়ের করা একটি অভিযোগ। তাঁদের দাবি ছিল, ‘তুলসী মালা’ নিয়ে সাংসদের করা একটি মন্তব্য তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। ওই অভিযোগের ভিত্তিতেই কৃষ্ণনগরের তৃতীয় বিচারক ম্যাজিস্ট্রেটের আদালত মহুয়া মৈত্রকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। হাইকোর্টে শুনানির সময় সরকারি আইনজীবী জানান, গত ১৮ আগস্ট নিম্ন আদালত ওই নির্দেশ দিয়েছিল। তবে হাইকোর্টের এদিনের স্থগিতাদেশে আপাতত আইনি জট থেকে সাময়িক রেহাই পেলেন সাংসদ।