“এক বছর পর পরীক্ষায় বসতে প্রস্তুত!”— ‘দ্য ওয়াল’-এর ১০০ দিনের বই প্রকাশে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন সরকারের ১০০ দিনের যাত্রাপথ এবার বইয়ের পাতায়। সোমবার সন্ধ্যায় কলকাতায় দ্য ওয়াল সম্পাদিত ‘পশ্চিমবঙ্গ কী চায়? প্রতিশ্রুতি বনাম বাস্তব, নতুন সরকারের প্রথম ১০০ দিন’ শীর্ষক প্রামাণ্য গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিনের জমকালো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত।
“পরীক্ষায় বসতে প্রস্তুত এক বছর পর”: মুখ্যমন্ত্রী
বইটি প্রকাশ করে ‘দ্য ওয়াল’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বইটিতে কোনও অতিরঞ্জন নেই, বাড়িয়ে-চড়িয়ে কিছু বলা হয়নি। এটি সরকারের কাজের এক প্রামাণ্য দলিল।” তবে মাত্র ১০০ দিনে একটি সরকারের পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্ভব নয় উল্লেখ করে শুভেন্দু অধিকারী জানান, “১১০ দিন একটি সরকারের জন্য খুব কম সময়। যেমন স্কুলে জানুয়ারি মাসে ভর্তি হয়ে পরীক্ষা দিতে হয় ডিসেম্বরে, তেমনই এক বছর পর আমি যেকোনো প্রশ্নের মুখোমুখি হতে প্রস্তুত। আমার কাজই আমার পরিচয় হয়ে উঠুক—এই লক্ষ্য নিয়েই এগোচ্ছি।”
একই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পাঁচটি প্রধান অভিমুখে কাজ করার কথা তুলে ধরেন: ১. সর্বস্তরের মানুষের সুরক্ষা নিশ্চিত করা। ২. সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা। ৩. জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন। ৪. রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া। ৫. শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে ত্রিস্তরীয কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বদের প্রতিক্রিয়া
- শিল্পমন্ত্রী তাপস রায়: শক্ত মলাটে সরকারের ১০০ দিনের কাজের তথ্যনিষ্ঠ নথিবদ্ধকরণের জন্য ‘দ্য ওয়াল’-এর প্রশংসা করে তিনি বলেন, “এই সংকলন থেকে আমরাও সমৃদ্ধ হলাম। আগামী দিনের কাজে এটি আমাদের দিকনির্দেশ করবে।”
- উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়: মুখ্যমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংবাদিকতার পুরনো স্মৃতি স্মরণ করে ‘দ্য ওয়াল’-এর কার্যনির্বাহী সম্পাদক শঙ্খদীপ দাস ও পুরো টিমের সাফল্য কামনা করেন।
- মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত: রাজ্যের অর্থনৈতিক ও কর্মসংস্থানের পরিস্থিতি রাতারাতি বদলানো সম্ভব নয় উল্লেখ করে তিনি আশাপ্রকাশ করেন যে, বর্তমান মন্ত্রিসভার নেতৃত্বে কঠিন চ্যালেঞ্জও অতিক্রম করা যাবে। বইটি সরকারি কাজের কোনও প্রচার নয়, বরং একটি নিরপেক্ষ তথ্যনিষ্ঠ রেকর্ড বলেই মুখ্যমন্ত্রী এতে সম্মতি জানান।