খুশির খবর: পিঙ্ক লাইন মেট্রোর জট কাটল, বিটি রোডে বসছে ৭২ ইঞ্চির নতুন জলের পাইপ

কলকাতা ও উত্তর শহরতলির যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বরানগর-ব্যারাকপুর মেট্রো করিডর বা ‘পিঙ্ক লাইন’-এর নির্মাণকাজের জট অবশেষে কাটল। বিটি রোড বরাবর জল সরবরাহ পরিকাঠামো সংক্রান্ত জটিলতায় পুরসভা তাদের আপত্তি প্রত্যাহার করে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-কে প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) প্রদান করেছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাক্ষরিত এই চিঠি ইতিমধ্যেই আরভিএনএল-এর কাছে পাঠানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বিটি রোডের পুরনো ৪৮ ইঞ্চি ব্যাসের কাস্ট আয়রনের মূল পানীয় জলের পাইপলাইনটি বন্ধ করে তার জায়গায় নতুন ৭২ ইঞ্চি ব্যাসের জল পরিবহণ পাইপলাইন বসানো হবে। পলতার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (IGWT) থেকে টালা পাম্পিং স্টেশন পর্যন্ত এই পাইপলাইন তৈরির কাজের পাশাপাশি ১২ কিলোমিটার দীর্ঘ মেট্রো প্রকল্পের কাজও সমান্তরালভাবে চলবে। তবে কাজের সময় বিদ্যমান জল সরবরাহ ব্যবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে কঠোর সর্তকতা অবলম্বনের নির্দেশ দিয়েছে পুরসভা।
এই যৌথ সমন্বয়ের ফলে একদিকে যেমন শহরের পানীয় জল সরবরাহ সুরক্ষিত থাকবে, তেমনই মেট্রো প্রকল্প চালুর মাধ্যমে বিটি রোডের দীর্ঘদিনের যানজট সমস্যার বড় সমাধান হবে। প্রশাসনিক স্তরে নগরোন্নয়ন দফতর, পূর্ত দফতর, উত্তর ২৪ পরগনার জেলাশাসক এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে এই ছাড়পত্রের প্রতিলিপি পাঠিয়ে দ্রুত কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।