দিল্লিতে ফের বড় আন্দোলনের ডাক, পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভের প্রস্তুতি!

রাজধানীতে ফের সরকার-বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। আগামী পাঁচ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। সিজেপি মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, গত পঁচিশ জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তা পূরণে তারা ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে জেন জি, তরুণ আন্দোলনকারী এবং মৃতদের পরিবারের সঙ্গে হওয়া বিশ্বাসঘাতকতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে। আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবার ও পুলিশের হাতে নির্যাতিত ব্যক্তিরাই এই মিছিলের নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।
এদিকে দেশজুড়ে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই মাঠে নেমেছে এই দল। বিভিন্ন রাজ্যের সরকারি স্কুল পরিদর্শনে গিয়েছেন ‘ককরোচ’-প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ‘ককরোচ’ নেতা আশুতোষ রাঙ্কাসহ অন্যান্য নেতৃত্ব। তবে এই পরিদর্শনের মাঝেই আইনি জটিলতায় পড়েছেন দলের প্রতিষ্ঠাতা। অনুমতি না নিয়ে স্কুল চত্বরে প্রবেশের অভিযোগে মহারাষ্ট্রের আউসা থানায় অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সবমিলিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।