“কাশেম তো কালীঘাটেই ছিলেন”, কুণালের চ্যলেঞ্জ উড়িয়ে পাল্টা কটাক্ষ ঋতব্রতের

আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকী বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবিরে যোগ দিতেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে। সোমবার বিধানসভার প্রেস কর্নারে কাশেম সিদ্দিকীকে পাশে নিয়ে প্রবীণ নেতা কুণাল ঘোষ দাবি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে আরও এক বিধায়ক ফিরলেন। এবার গোপন ব্যালটে ফ্লোর টেস্টের মাধ্যমে স্পষ্ট হোক কোন পক্ষে কতজন তৃণমূল বিধায়ক রয়েছেন।”
কুণাল ঘোষের এই ফ্লোর টেস্টের দাবি গ্রহণ করলেও পাল্টা খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ফ্লোর টেস্ট আমরা মেনে নিচ্ছি, কিন্তু কুণাল ঘোষ তো স্পিকার বা বিচারক নন, সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। তাছাড়া ফ্লোর টেস্ট কখনোই গোপনে হয় না।” কাশেম সিদ্দিকীকে কটাক্ষ করে ঋতব্রত যোগ করেন, “কাশেম তো শুরু থেকেই কালীঘাটে ছিলেন, আমাদের দিকে কোনোদিনই আসেননি। জেতার পর থেকে উনি আমডাঙায় যাননি, তাই ওনাকে বলব আগে নিজের এলাকায় গিয়ে ভোটারদের সাথে দেখা করতে।” বাকযুদ্ধের মাঝে কুণাল ঘোষের অতীত কারাবাস নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা।
অন্যদিকে, এই দিনই বিধানসভায় ২১ জুলাইয়ের শহিদ বনগাঁর রণজিৎ দাসের পরিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করেন। রণজিতের ছেলে রজত দাসের চাকরি চলে যাওয়ায়, সেই চাকরি ফিরিয়ে দেওয়া এবং কমিশনের সুপারিশ অনুযায়ী ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা।