বিমানসেবিকা থেকে মাদক পাচারকারী! ৩০ লক্ষ টাকার এমডিসহ গ্রেপ্তার প্রাক্তন কেবিন ক্রু!

গুজরাতে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মাদক পাচারের অভিযোগে প্রাক্তন এক বিমানসেবিকা-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে সুরাত ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের কাছ থেকে ৯৭৭ গ্রাম মেফেড্রোন বা এমডি মাদক উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ ৩২ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ৪১ বছরের মানসি আবদুল সৈয়দ ও ২০ বছরের সোহেল শেখ মুম্বই থেকে গাড়ি ভাড়া করে ভদোদরায় গিয়েছিলেন। সেখানে এক অজ্ঞাতপরিচয় মহিলার কাছ থেকে এই নিষিদ্ধ মাদক সংগ্রহ করে তাঁরা মুম্বইয়ে পাচারের পরিকল্পনা করেছিলেন।
তদন্তে জানা গেছে, মূল অভিযুক্ত মানসি একসময় মালয়েশিয়ান এয়ারলাইন্সে বিমানসেবিকা হিসেবে কাজ করতেন। ২০১৫ সাল থেকেই তিনি বিভিন্ন মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং এর আগে ২০২১ সালে মধ্যপ্রদেশে মাদকসহ গ্রেপ্তার হয়ে চার বছর জেল খেটেছিলেন। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের মূল উৎস এবং অন্য সহযোগীদের খুঁজে বের করতে এখন জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ।