রামমন্দিরের অনুদান চুরি ফাঁস করতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা! সুপ্রিম কোর্টে কি মিলবে মুক্তি?

অযোধ্যার রামমন্দিরের প্রণামী ও অনুদান চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছিলেন সাংবাদিক অভিষেক উপাধ্যায়। এরপর থেকেই উত্তরপ্রদেশ পুলিশের রোষানলে পড়েছেন তিনি। গাজিয়াবাদ পুলিশ তাঁর বিরুদ্ধে একটি তুচ্ছ বচসার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও এফআইআর দায়ের করেছে, যেখানে যোগ করা হয়েছে তফশিলি জাতি ও উপজাতি নির্যাতন দমন আইনও। পুলিশি হেনস্থা ও একের পর এক মামলার মুখে পড়ে শেষ পর্যন্ত ওই সাংবাদিক এফআইআর খারিজের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে। ২০২০ সালে ট্রাস্ট গঠনের পর থেকে রামমন্দিরে কোটি কোটি টাকার প্রণামী জমা হলেও বিশাল অঙ্কের নগদ ও সোনা-রুপোর হদিশ মিলছিল না। সাংবাদিকের করা সেই দুর্নীতির তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে একাধিক কর্মীকে গ্রেপ্তার করলেও মূল রহস্যের সমাধান এবং খোয়া যাওয়া সোনার সন্ধান এখনও অধরা রয়েছে।