বাপের বাড়ি যেতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই! হাই কোর্টের ঐতিহাসিক রায়ে কড়া বার্তা

বাপের বাড়ি যেতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই! হাই কোর্টের ঐতিহাসিক রায়ে কড়া বার্তা

বৈবাহিক সম্পর্ক মানেই স্ত্রীর স্বাধীনতা হরণ বা স্বামীর বশ্যতা স্বীকার নয়। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনই স্পষ্ট পর্যবেক্ষণ জানিয়েছে কর্নাটক হাই কোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে, বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামীর কোনো ধরনের অনুমতির প্রয়োজন নেই স্ত্রীর। একইসঙ্গে বাবা-মায়ের দেখভাল করা বা ঘরের সমস্ত কাজ একা করার জন্য স্ত্রীকে কেউ বাধ্য করতে পারেন না। কর্নাটকের তুমাকুরুর এক পারিবারিক আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। পারিবারিক আদালত ওই ব্যক্তিকে স্ত্রী ও নাবালিকা কন্যার ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৯০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। স্বামীর দাবি ছিল, স্ত্রী বাড়ির কাজ ও তাঁর শ্বশুর-শাশুড়ির যত্ন নেন না এবং ইচ্ছেমতো বাপের বাড়ি যান, তাই যেন ভরণপোষণের পরিমাণ কমানো হয়। তবে স্বামীর এই আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

বিচারপতি ডঃ চিল্লাকুর সুমালাথার বেঞ্চ জানিয়েছে, পিতা-মাতার যত্ন নেওয়ার প্রাথমিক দায়িত্ব সন্তান হিসেবে পুত্র ও কন্যার ওপর বর্তায়, কোনো পুত্রবধূ বা জামাতার ওপর নয়। পাশাপাশি আদালত মামলার তিনটি মূল বিষয় তুলে ধরে জানিয়েছে, স্বামী কখনই স্ত্রীর ওপর নিজের ইচ্ছে চাপাতে পারেন না এবং বিবাহ কোনোভাবেই স্ত্রীর স্বাধীনতা নিয়ন্ত্রণের অধিকার দেয় না। এছাড়া পরিবারের প্রতি স্ত্রীর নিষ্ঠা কখনও আনুগত্য বা বশ্যতা দিয়ে মাপা যায় না। শেষ পর্যন্ত স্ত্রী ও কন্যার ভরণপোষণ বাবদ ওই ব্যক্তিকে প্রতি মাসে ৯০০০ টাকা দেওয়ার নির্দেশই বহাল রেখেছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *