৭ বছর পর কি ভারতে আসছেন জিনপিং? নজরে নয়াদিল্লির ব্রিকস সম্মেলন, জল্পনা তুঙ্গে

সাত বছর পর ফের ভারত সফরে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তাঁর। সব ঠিকঠাক থাকলে ২০১৯ সালের পর এটাই হবে তাঁর প্রথম ভারত সফর। এই সম্ভাব্য সফরে শি-র সঙ্গে প্রায় চার শ জনের একটি বড় চিনা প্রতিনিধিদল আসার কথা রয়েছে। ইতিমধ্যে দিল্লির গুরুত্বপূর্ণ হোটেল ও নিরাপত্তা নিয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু হলেও, বেজিং বা নয়াদিল্লি—কোনো পক্ষ থেকেই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলার জল্পনা শুরু হয়েছে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সাম্প্রতিক সময়ে তা কাটিয়ে তোলার কূটনৈতিক প্রচেষ্টা চলছে। সীমান্তে সেনা প্রত্যাহার ও আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়ে চলেছে। এর অংশ হিসেবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বেজিং সফর এবং ব্রিকস সম্মেলনে শি-র সম্ভাব্য উপস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা।