শাহজাহানের পর এবার মিঠু! স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেত্রীকে ‘ডিম থেরাপি’
August 26, 20267:33 am

সন্দেশখালির বিতর্কিত নেতা শেখ শাহজাহানের অনুগামী ও স্থানীয় তৃণমূল নেত্রী মিঠু সর্দার এবার সরাসরি স্থানীয় মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন। সন্দেশখালি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মিঠুর বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে।
ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা এবং একাধিক কুকীর্তির দায়ে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি তিনি জামিনে মুক্ত পান। মঙ্গলবার বাড়ি থেকে বের হতেই ক্ষুব্ধ স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে ধরেন। দুর্নীতি ও টাকা আত্মসাতের প্রতিবাদে ক্ষুব্ধ মহিলারা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। বেগতিক দেখে মিঠু পাশের একটি দোকানে আশ্রয় নিলেও সেখান থেকেও তাঁকে টেনে বের করে পুনরায় ডিম ছোড়া হয়। শেষমেশ কোনো রকমে এলাকা ছেড়ে চম্পট দেন এই তৃণমূল নেত্রী।