কলকাতা পুরভোটের প্রস্তুতি তুঙ্গে! বিজেপি বিধায়কদের মহাবৈঠকে নির্ঘণ্টের বড় ইঙ্গিত

কলকাতা পুরভোটের প্রস্তুতি তুঙ্গে! বিজেপি বিধায়কদের মহাবৈঠকে নির্ঘণ্টের বড় ইঙ্গিত

নভেম্বরেই হতে পারে বহু প্রতীক্ষিত কলকাতা পৌরসভা নির্বাচন। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নতুন বোর্ড গঠন করার বাধ্যবাধকতা সামনে রেখে ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। নির্বাচনী রণকৌশল তৈরিতে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কলকাতার বিধায়কদের সঙ্গে দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন দলীয় নেতৃত্ব। বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, সজল ঘোষ, রীতেশ তিওয়ারির মতো হেভিওয়েট নেতারা। সভার মূল উদ্দেশ্য ছিল ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তি পরখ, বুথস্তরের প্রস্তুতি পর্যালোচনা এবং সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত রূপরেখা তৈরি করা।

সরকারিভাবে এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হলেও, প্রশাসনিক স্তরে আইনি ও সাংগঠনিক তৎপরতা দ্রুত গতিতে এগোচ্ছে। পুরভোটকে পাখির চোখ করে রাজ্য সরকারও ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে বড় পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তাবিত নতুন কাঠামো কার্যকর হলে কলকাতা পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে দাঁড়াবে ২০৯-এ। একইভাবে হাওড়া পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮টি হতে চলেছে। অর্থাৎ দুই পুর এলাকা মিলিয়ে এক ধাক্কায় মোট ৮৩টি নতুন ওয়ার্ড তৈরি হবে। এই সার্বিক পরিবর্তনের আবহে দিনক্ষণ ঘোষণার আগেই নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে এবং শাসকদলকে টেক্কা দিতে ঝাঁপিয়ে পড়েছে পদ্ম শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *