‘আমার টাকাই লুট হয়েছে!’ পোস্তা থানায় ফোন করে এ কী বললেন ভিন রাজ্যের এই ‘হাওলা সম্রাট’?

‘আমার টাকাই লুট হয়েছে!’ পোস্তা থানায় ফোন করে এ কী বললেন ভিন রাজ্যের এই ‘হাওলা সম্রাট’?

কলকাতায় বড়বাজারের পোস্তায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ডাকাতির তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। দেশের হাওলা কারবারের ‘সম্রাট’ কমলেশ রজনীকান্ত শাহের বিশাল নেটওয়ার্কের হদিশ মিলেছে এই শহরেও। কোথাও হাওলার টাকা লুট হলে তা নিজের বলে দাবি করাই তার পুরনো কৌশল। পোস্তায় বড় অঙ্কের টাকা লুটের পর থানা ফোন করে সে দাবি করে, ওই টাকা তারই এবং তার পক্ষে প্রামাণ্য নথিও রয়েছে। আমেদাবাদের এই বাসিন্দার দিল্লি, মুম্বই, হায়দরাবাদসহ বিভিন্ন রাজ্যে জাঁকিয়ে বসা নেটওয়ার্ক কীভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে মে মাসে সার্ভে পার্কে ১ কোটি টাকা ডাকাতির কাণ্ডেও সে একই দাবি করেছিল। এতকিছুর পরেও প্রশ্ন উঠছে, সব জায়গায় কেন বারবার তারই টাকা ডাকাতি হচ্ছে?

এই ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত চালিয়ে পুলিশ ললিত মুন্দ্রা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ললিত এই ঘটনার মূল ‘টিপার’ হিসেবে কাজ করত এবং নিয়মিত গোপন খবর পাচার করত। সোমবার রাতে হাওড়া স্টেশন থেকে রাজস্থান পালানোর সময় পুলিশ তাকে পাকড়াও করে। এই চক্রে কলকাতায় আরও কারা জড়িত এবং হাওলা কারবারিদের সঙ্গে ধৃত ললিতের সরাসরি কোনো যোগাযোগ ছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ভিন রাজ্যে বসে এই আন্তর্জাতিক হাওলা চক্র কীভাবে শহর কলকাতায় শিকড় ছড়াচ্ছে, তা নিয়ে কপালে হাত পড়েছে তদন্তকারীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *