E20 পেট্রোলে কি নষ্ট হচ্ছে গাড়ি? চালকদের অভিযোগে বড় পদক্ষেপে কেন্দ্র!

দেশে ২০ শতাংশ ইথানল মিশ্রিত E20 পেট্রোল নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের দাবি, এই জ্বালানি ব্যবহারের ফলে গাড়ি ও বাইকের মাইলেজ কমার পাশাপাশি ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাহকদের এই ক্ষোভের মুখে পড়ে এবার কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, পেট্রোলে ইথানল মেশানোর পাশাপাশি জ্বালানির সার্বিক গুণমান বজায় রাখতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। সম্প্রতি বেশ কিছু গাড়ির ফুয়েল ট্যাঙ্ক থেকে নমুনা পরীক্ষা করে ই২০ পেট্রোলে অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় ক্লোরাইড ও আর্দ্রতার উপস্থিতি পাওয়া গেছে। এতে গাড়ির ভেতরের গুরুত্বপূর্ণ পার্টস নষ্ট হওয়ার আশঙ্কা জানিয়ে শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে।
পরিস্থিতি মোকাবিলায় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) কাজ শুরু করেছে। বর্তমানে E20 পেট্রোলে ক্লোরাইডের মাত্রা প্রতি মিলিয়নে ৩ অংশের (3 ppm) কম থাকা উচিত হলেও তা বাধ্যতামূলক ছিল না। খুব শীঘ্রই তেল বিপণন সংস্থাগুলোর জন্য জ্বালানিতে ক্লোরাইড এবং অন্যান্য ক্ষতিকর উপাদানের নির্দিষ্ট ঊর্ধ্বসীমা মেনে চলা আইনিভাবে বাধ্যতামূলক করতে চলেছে সরকার।