কলকাতা বইমেলায় গিল্ডের আধিপত্যে ইতি! রাজ্যের নতুন কমিটিতে বাদ ত্রিদিব ও সুধাংশু

আন্তর্জাতিক কলকাতা বইমেলার একক আধিপত্য ভাঙতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মেলা পরিচালনার জন্য ২৪ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন নতুন কমিটি গঠন করা হয়েছে। নবান্নের জারি করা নির্দেশিকায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ন্যাশনাল বুক ট্রাস্টের মতো সংগঠনের প্রতিনিধিরা জায়গা পেলেও, নজিরবিহীনভাবে বাদ পড়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বর্তমান সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে। মূলত গিল্ডের প্রভাবমুক্ত করে বইমেলাকে আরও সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক রূপ দিতেই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের স্বাক্ষরিত এই নির্দেশিকা জারি করা হয়েছে।
গত ১৭ ও ২১ অগস্ট নবান্নে আয়োজিত বিশেষ বৈঠকের পরেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন এই কমিটিতে দেবজ্যোতি দত্ত, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের কলকাতা বইমেলা আর এককভাবে গিল্ডের নিয়ন্ত্রণে থাকবে না। এর পরিবর্তে গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট যৌথভাবে মেলার আয়োজন করবে এবং রাজ্যের গঠিত এই নতুন কমিটি সামগ্রিক পরামর্শদাতার ভূমিকা পালন করবে। দীর্ঘদিন ধরেই মেলাকে সব প্রকাশকের জন্য উন্মুক্ত করার যে দাবি উঠছিল, এই পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়িত হতে চলেছে।