গড়ফায় চার বছরের শিশুকে ছাদে নিয়ে গিয়ে যৌন নির্যাতন! পলাতক প্রতিবেশী প্রৌঢ়

গড়ফায় চার বছরের শিশুকে ছাদে নিয়ে গিয়ে যৌন নির্যাতন! পলাতক প্রতিবেশী প্রৌঢ়

কলকাতা শহরের গড়ফা থানা এলাকার একটি বহুতল আবাসনে চার বছরের এক নিষ্পাপ শিশুকে যৌন নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে এক প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। এই ঘৃণ্য ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে চরম ক্ষোভ ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে শিশুটি তার কাকার সঙ্গে দেখা করতে পাশের ফ্ল্যাটে যায়। কাকা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত প্রৌঢ় শিশুটিকে জল খাওয়ানোর নাম করে ভুলিয়ে আবাসনের ছাদে নিয়ে যায়। অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালানো হয়। শিশুটির কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছাদে ছুটে এলে অভিযুক্ত চম্পট দেয়।

ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে গড়ফা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) খণ্ডবহালে উমেশ গণপত জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।”

শিশুটিকে চিকিৎসার পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং আবাসনের সিসিটিভি ফুটেজ ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শিশুটি চরম মানসিক ট্রমার মধ্যে রয়েছে এবং নিরাপত্তার অভাববোধ থেকে আতঙ্ক ছড়িয়েছে পুরো আবাসনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *