“আমিই বিচার পাচ্ছি না, সাধারণ মানুষের কী হবে?” এটিএম জালিয়াতির শিকার খোদ বিচারক

বিচারকের রায়ে স্বস্তি পান হাজার হাজার মানুষ, কিন্তু নিজের বিচার পেতেই এখন দরজায় দরজায় ঘুরছেন তিনি। এটিএম কার্ড জালিয়াতির শিকার হয়ে প্রায় এক বছর কাটতে চললেও অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী বিচারক। তাঁর আক্ষেপ, “একজন বিচারবিভাগীয় অফিসার হয়ে আমি যদি সুবিচার না পাই, তবে সাধারণ মানুষের কপালে কী রয়েছে?”
ঘটনার সূত্রপাত গত বছরের জগদ্ধাত্রী পুজোর দিনে। দুর্ঘটনাজনিত আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত আদালতের বিচারক শান্তনু রায় গড়িয়ার একটি এটিএমে টাকা তুলতে যান। সেখানে মেশিনের কারিগরি গোলযোগের সুযোগ নিয়ে সাহায্যের ছলে তাঁর এটিএম কার্ড বদলে নেয় এক ব্যক্তি। বিচারক এটিএম কাউন্টার থেকে বের হতেই ধাপে ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ৮০ হাজার টাকা হাওয়া হয়ে যায়।
ঘটনার পর তিনি নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ জানান। তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশও। অভিযোগ, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা এবং অভিযুক্তকে শনাক্ত করা সত্ত্বেও গত এক বছরে তদন্তের এক চুলও অগ্রগতি হয়নি। পুলিশের শীর্ষ কর্তাদের বারবার জানিয়েও মেলেনি প্রতিকার, ফলে ক্ষুব্ধ বিচারক এখন পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।