কলকাতা থেকে বারাণসী মাত্র ৬ ঘণ্টায়! জানুন কবে চালু হচ্ছে এই মেগা এক্সপ্রেসওয়ে

ট্রেনের টিকিটের দীর্ঘ অপেক্ষা বা ঝক্কি এড়িয়ে এবার সড়কপথে মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসীতে পৌঁছানো সম্ভব হতে চলেছে। ২০২৮ সালের মার্চ মাসের মধ্যে চালু হতে চলা এই বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। মোট ৬১০ কিলোমিটার দীর্ঘ এই ছয় লেনের আধুনিক করিডরটি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের চিত্র সম্পূর্ণ বদলে দেবে। বর্তমানে এই দূরত্ব অতিক্রম করতে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগলেও, নতুন এই রুট চালু হলে যাতায়াত যেমন সহজ হবে, তেমনই ভ্রমণপ্রেমীদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।
উত্তরপ্রদেশের চন্দৌলি থেকে শুরু হয়ে এই এক্সপ্রেসওয়েটি পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সঙ্গে মিশবে। এটি বিহারের কাইমূল ও গয়া এবং ঝাড়খণ্ডের হাজারিবাগ ও বোকারোর মতো একাধিক গুরুত্বপূর্ণ জেলার ওপর দিয়ে বিস্তৃত হবে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও হুগলির বিভিন্ন অংশ এর আওতায় থাকছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে নির্মাণ কাজ শুরু হয়েছে এবং ঝাড়খণ্ডে বন দপ্তরের ছাড়পত্র মিলেছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটনের পাশাপাশি পণ্য পরিবহণ ব্যবস্থায় অভূতপূর্ব গতি আসবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।