নেপালে ভয়াবহ হড়পা বান: ৩০০-র বেশি ভারতীয় নিখোঁজ, বিপদে বাংলার পর্যটকরাও

নেপালে ভয়াবহ হড়পা বান: ৩০০-র বেশি ভারতীয় নিখোঁজ, বিপদে বাংলার পর্যটকরাও

কাঠমান্ডু: ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে কার্যত লণ্ডভণ্ড নেপালের একাংশ। একের পর এক জনপদ কাদা আর পাথরের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বিপর্যয়ে ইতিমধ্যেই নেপাল ও চিন সীমান্ত মিলিয়ে মৃতের সংখ্যা ১৬২ ছাড়িয়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশাল সংখ্যক নিখোঁজ মানুষ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বিপর্যয়ের পর কয়েক হাজার মানুষের খবর মিলছে না, যার মধ্যে ৩০০-র বেশি ভারতীয় নাগরিক রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ড প্রাথমিকভাবে ১৩৩ জন ভারতীয় নিখোঁজের কথা জানালেও বিদেশমন্ত্রী স্পষ্ট করেন যে প্রকৃত সংখ্যাটি আরও বেশি। মানস সরোবর যাত্রা এবং ভারত-নেপাল সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে বহু ভারতীয় আটকে পড়েছেন বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের অন্তত ৩২ জন পর্যটক রয়েছেন, যার মধ্যে দুর্গাপুরের বাসিন্দা অরিন্দম গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী মৌসুমী গঙ্গোপাধ্যায়ও রয়েছেন।

আন্তর্জাতিক স্তরেও উদ্বেগের ছায়া তৈরি হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ১,৫০০ মানুষ নিখোঁজ, যার মধ্যে ৮০০-র বেশি বিদেশি নাগরিক। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ক্যানাডা, মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার বহু পর্যটক ও কর্মী এই তালিকায় রয়েছেন।

রাসুয়া অঞ্চলসহ দুর্গম এলাকাগুলোতে সড়ক পথ ধসে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে নেপাল সেনা ও দুর্যোগ মোকাবিলা বাহিনীকে। ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে। নদীর গতিপথ আটকে নতুন করে ফের বানের আশঙ্কাও তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে প্রতিবেশী নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনার C-130J বিমানে ১০ টন ত্রাণসামগ্রী, ওষুধ, অস্থায়ী তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *