আর বাইরে নয়, বাংলায় শিল্পের অমৃতকাল! নিউটাউনে বিশাল তথ্যপ্রযুক্তি কেন্দ্রের উদ্বোধনে মিলল বড় সুখবর

রাজ্যের মেধাবীদের ফিরিয়ে আনতে ও কর্মসংস্থান বাড়াতে এক বড় পদক্ষেপ করা হলো নিউটাউনে। বৃহস্পতিবার নিউটাউনে প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা তথ্যপ্রযুক্তি সংস্থা এল অ্যান্ড টি-র ‘আনন্দ নিকেতন’ ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রদীপ জ্বালিয়ে এই মেগা অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্প চালুর ফলে মোট ৫,৮০০ জনের বিপুল কর্মসংস্থান তৈরি হবে বলে জানানো হয়েছে। বাংলা ছেড়ে বাইরে চলে যাওয়া দক্ষ রাজ্যবাসীদের নিজেদের রাজ্যে ফিরে আসার জোরালো আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিল্প ও কর্মসংস্থান তৈরিতে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। অতীতে যোগ্যরা সম্মান না পেলেও এখন পরিস্থিতি বদলেছে এবং যুব সমাজকে আর কাজের খোঁজে রাজ্য ছাড়তে হবে না। ছোট শিল্প উদ্যোগের সহায়তা ও নতুন বিনিয়োগের মাধ্যমে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।