জাঙ্ক ফুডে লাল লেবেল: সুপ্রিম কোর্টের তোপে কড়া নিয়মের পথে FSSAI

জাঙ্ক ফুডে লাল লেবেল: সুপ্রিম কোর্টের তোপে কড়া নিয়মের পথে FSSAI

অতিরিক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট এবং লবণ যুক্ত প্যাকেটজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। শুক্রবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক হলফনামায় সংস্থাটি জানায়, অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাবারের সামনে একটি লাল রঙের ষড়ভুজাকার (Hexagonal) সতর্কীকরণ লেবেল বসানো বাধ্যতামূলক করা হতে পারে। মূলত অতিরিক্ত চর্বি, চিনি ও লবণযুক্ত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে ভোক্তাদের সুরক্ষার দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই FSSAI এই পদক্ষেপের কথা জানিয়েছে।

ICMR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন-এর ‘ডায়েটারি গাইডলাইনস ফর ইন্ডিয়ানস, ২০২৪’ অনুসরণে প্রস্তুত এই ছয় পৃষ্ঠার হলফনামায় বলা হয়েছে, যেসব খাবারে চিনি, চর্বি বা লবণের মতো অন্তত দুটি উপাদান নির্ধারিত মাত্রার চেয়ে বেশি থাকবে, সেগুলিতে এই লাল চিহ্ন ব্যবহার করতে হবে। ক্রেতাদের নজর কাড়তে এই সতর্কবার্তার ফন্ট সাইজ প্যাকেটের পেছনের পুষ্টি তালিকার চেয়ে অন্তত এক পয়েন্ট বড় রাখা হবে।

খাদ্য প্রস্তুতকারকদের সুবিধার্থে নিয়মটি দুটি ধাপে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে:

  • প্রথম পর্যায়: দুই বা ততোধিক অতিরিক্ত ক্ষতিকর উপাদান থাকা খাদ্যপণ্য এবং বিশেষ কিছু চিনিযুক্ত পানীয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
  • দ্বিতীয় পর্যায়: যেকোনো একটি উপাদান অতিরিক্ত মাত্রায় থাকা খাবারের ক্ষেত্রেও এই লেবেল ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

তবে ঘি, রান্নার তেল, লবণ, চিনি, গুড় ও মধুর মতো একক উপাদানের প্রাকৃতিক খাদ্যপণ্য এই নিয়মের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, প্যাকেটজাত খাবারে চিনি ও লবণের তথ্যে স্বচ্ছতার অভাবে সম্প্রতি FSSAI ও কেন্দ্রীয় সরকারকে কঠোর ভাষায় তিরস্কার করেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে. বি. পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ নাগরিকেদের স্বাস্থ্য রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পরেই এই নতুন নির্দেশিকা নিয়ে হাজির হয় খাদ্য সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *