উচ্চশিক্ষায় বিপ্লব ত্রিপুরায়: ১৭ কলেজে ‘বায়োটেক ক্লাব’, বরাদ্দ ৯০ কোটি টাকা!

বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় রাজ্যের কলেজ পড়ুয়াদের আগ্রহ বাড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানচর্চা ও হাতে-কলমে গবেষণার সুযোগ দিতে রাজ্যের ১৭টি কলেজে গড়ে তোলা হয়েছে ‘কলেজ বায়োটেক ক্লাব’। শনিবার ত্রিপুরা বিধানসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্যের কথা জানান রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন।
তিনি জানান, বায়োটেক ক্লাবগুলির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সেমিনার, কর্মশালা, ল্যাবরেটরিভিত্তিক পরীক্ষা এবং ক্ষেত্র সমীক্ষার মতো নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রাখতে ই-জার্নাল ও প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ও আগরতলার এমবিবি কলেজে নতুন বিজ্ঞান ভবন নির্মাণের কাজ চলছে এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। গত তিন বছরে ডিগ্রি ও ডিপ্লোমা স্তরের ১৪,৩০২ জন শিক্ষার্থী এসব কার্যক্রমে অংশ নিয়েছেন।
উচ্চশিক্ষামন্ত্রী আরও জানান, গত তিন অর্থবছরে সরকারি কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে মোট ৮৯ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ৮৫ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই অর্থ দিয়ে ৫টি নতুন ভবন, ৭টি গবেষণাগার, ১টি গ্রন্থাগার এবং ১৫টি স্মার্ট শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে। আগামী অর্থবছরে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় ও মাইকেল মধুসূদন দত্ত কলেজসহ আরও ৮টি সরকারি কলেজে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ত্রিপুরায় উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ২৯টি সাধারণ ডিগ্রি কলেজ, ৫টি পেশাদারি কলেজ, ৬টি পলিটেকনিক এবং ১টি টেকনিক্যাল কলেজসহ মোট ৪১টি সরকারি প্রতিষ্ঠানে ৬৯,৬৭৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।