তিব্বতে ভয়াবহ বিপর্যয় চাপা দিতে মরিয়া চিন! ভিডিও মুছে সেন্সরশিপের অন্তরালে কোন সত্য?

হিমবাহ ধসের জেরে তিব্বত ও নেপাল সীমান্ত অঞ্চলে নেমে আসা ভয়াবহ বন্যায় শত শত মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় চিনের বিরুদ্ধে কঠোর সেন্সরশিপের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে স্থানীয়দের তথ্য সংগ্রহ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে খবর পরিবেশন করতে বাধা দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে একাধিক ভাইরাল ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। চিনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলি ধ্বংসলীলার রিয়েল-টাইম ভিডিও প্রকাশ না করে কেবল স্টিল ছবি প্রকাশ করেছে এবং উদ্ধারকাজে সেনা ও ড্রোন মোতায়েনের খবরের ওপরই জোর দিয়েছে। চিনে নিযুক্ত বিদেশি সংবাদমাধ্যমগুলির তিব্বত ভ্রমণ ও স্থানীয়দের সঙ্গে ফোনে কথা বলার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতি যাচাই করা আসাম্ভব হয়ে পড়েছে।
নেপাল ও তিব্বত মিলিয়ে সাম্প্রতিক এই বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপাল বিপর্যয় মোকাবিলা সংস্থা ৬৬৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং ২৪২৬ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চিনা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, তিব্বত অংশে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৫৫০ জনের বেশি মানুষ নিখোঁজ। কঠোর সেন্সরশিপ ও তথ্য গোপনের চেষ্টার মাঝেই নেপালে উদ্ধারকর্মীরা ৩,৭০০ জনেরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা নিশ্চিত করেছে যে, নেপাল-তিব্বত সীমান্তে ঘটা এই ভয়াবহ দুর্যোগের মূল কারণ ছিল একটি বিশাল হিমবাহের আকস্মিক ধস।