পারিবারিক বিবাদের জের নাকি পুরোনো শত্রুতা? রাতের কলকাতায় দুষ্কৃতীর গুলিতে রক্তাক্ত যুবক, অধরা মূল অভিযুক্ত

শনিবার গভীর রাতে কলকাতার নর্থ পোর্ট থানা এলাকায় এক দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত হলেন এক যুবক। পারিবারিক বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত কার্তিক সোনাকার ওরফে ‘খরগোশ’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম সন্তোষ চৌধুরী। শনিবার রাত বারোটার পর পি কে ঠাকুর ঘাট রোডের কাছে সন্তোষকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত ও তার সাগরেদরা। সন্তোষের পেটে গুলি লাগলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত সন্তোষ এবং অভিযুক্ত কার্তিক সম্পর্কে আত্মীয় হন। এর আগেও সন্তোষকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছিল ওই দুষ্কৃতী। ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী সংঘাত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে নর্থ পোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারাসহ নির্দিষ্ট আগ্নেয়াস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক ‘খরগোশ’ ও তার সহযোগীদের গ্রেফতারে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।