হড়পা বানে ভেসে এল মৃতদেহ! উত্তর প্রদেশে চরম আতঙ্ক, ফুঁসে উঠল মন্দাকিনী নদী!

নেপালে ভয়াবহ হড়পা বানের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ভারতের নদীপথে একের পর এক মৃতদেহ ভেসে আসার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগরে এপর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি চিত্রকূটে বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে মন্দাকিনী নদী। গত ২৩ বছরের সমস্ত রেকর্ড ভেঙে নদীর জলস্তর ১৩৪.০২ সেন্টিমিটারে পৌঁছে যাওয়ায় রামঘাট এলাকা প্লাবিত হয়েছে। দোকানপাট, মন্দির ও মঠের পাশাপাশি উন্হা, গোবারিয়া ও বাহাদুরসহ বিভিন্ন গ্রামেও বন্যার জল ঢুকে পড়েছে। প্রবল স্রোতে রামঘাট-হনুমানধারা রুটের একটি ব্রিজ ভেসে গেছে এবং ঝাঁসি-মির্জাপুর হাইওয়ে ৩৫-এ যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। ঘটনাস্থলে এনডিআরএফ, এসডিআরএফ এবং পিএসি-র একাধিক দল মোতায়েন করা হয়েছে। ঘরছাড়া ও ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নৌকা ব্যবহারের পাশাপাশি ৪৪৭টি বন্যা-ত্রাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্তদের সকল প্রকার সহায়তার নির্দেশ দিয়েছেন। এদিকে রাজ্যজুড়ে ২৬টি জেলার ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।