“পরিবারের বাইরে কাউকে চিনতেই পারেন না অখিলেশ!” বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক পদে বসেই তোপ হরিশ দ্বিবেদীর

লখনউ: বিজেপির নবনিযুক্ত জাতীয় সাধারণ সম্পাদক হরিশ দ্বিবেদীর নিশানায় সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব। রবিবার লখনউয়ে দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অখিলেশকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, এসপি প্রধানের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। এমনকি অখিলেশের বহুল চর্চিত ‘পিডিএ’ (অনগ্রসর, দলিত, সংখ্যালঘু) ফর্মুলা যে আসলে কী, তা নিয়ে তিনি নিজেই চরম বিভ্রান্তিতে রয়েছেন।
দলের দায়িত্ব নেওয়ার পর এই সাংবাদিক সম্মেলনে হরিশ দ্বিবেদীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। কর্মী-সমর্থকদের বিজয়ের বার্তা দিয়ে দ্বিবেদী জানান, সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে উত্তর প্রদেশ বিজেপি সংগঠন হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। আসন্ন যেকোনো রাজনৈতিক লড়াইয়ের জন্য বিজেপি কর্মীরা ময়দানে প্রস্তুত।
সমাজবাদী পার্টির শাসনকাল তুলে ধরে বিজেপি নেতা বলেন, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যে কী ধরনের শাসন চলেছিল, তা রাজ্যের মানুষ ভোলেননি। সমাজবাদী পার্টিকে ‘পরিবারতন্ত্রের খাঁটি প্রতীক’ আখ্যা দিয়ে তিনি কটাক্ষ করেন, অখিলেশ যাদব পরিবারের বাইরে কাউকেই চেনেন না। উদাহরণ হিসেবে তিনি মনে করিয়ে দেন, এসপি-র সংসদীয় দলের দিকে তাকালেই দেখা যাবে একই পরিবারের পাঁচজন সদস্য আজ সাংসদ।
শুধু অখিলেশ যাদবই নন, আক্রমণ থেকে বাদ যাননি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। দ্বিবেদী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাহুল গান্ধী নিজে কিংবা তাঁর মা কোয়িই জানেন না রাহুল জনসমক্ষে ঠিক কী বলতে চান। বিরোধীরা একজোট হয়ে দেশে শুধু বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে বলেও তিনি অভিযোগ তোলেন।