থিমের নামে প্রতিমা বিকৃতি বরদাস্ত নয়, মণ্ডপের পবিত্রতা রক্ষায় জোরালো বার্তা অগ্নিমিত্রার!

আসন্ন শারদোৎসব ঘিরে থিম ও পুজো-পদ্ধতির নানা বিতর্কের মাঝেই মণ্ডপের পবিত্রতা বজায় রাখার স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বার্ণপুরের এক খুঁটিপুজোয় যোগ দিয়ে তিনি জানান, শিল্পের নামে দেবীর বিকৃতি ঘটানো বা থিমের চক্করে চটি-জুতো ব্যবহার করা কোনোভাবেই উচিত নয়। সনাতনী ভাবধারা ও শালীনতা বজায় রেখেই প্রতিমার মাতৃত্ব ফুটিয়ে তুলতে হবে। তবে বাঙালির খাদ্যাভ্যাসে কোনো বাধা নিষেধ নেই উল্লেখ করে তিনি বিনীত অনুরোধ জানান, মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে প্রবেশ না করে যেন পবিত্রতা রক্ষা করা হয়।
পুজো কমিটিগুলির সরকারি অনুদান প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন সেটাই চূড়ান্ত এবং তা সকলের কাছে শিরোধার্য হবে। উৎসবের আনন্দ উদযাপনের পাশাপাশি আসানসোলের রাস্তাঘাট মেরামত, উন্নত নিকাশি ও পানীয় জলের মতো মৌলিক নাগরিক পরিষেবাগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুরো শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পুজো উদ্যোক্তারাও সরকারের এই সামগ্রিক সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন।