ইরানে ট্রাম্পের আকস্মিক হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল বর্ষণ!

ইরানে ট্রাম্পের আকস্মিক হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল বর্ষণ!

এক মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের লারাক দ্বীপে আমেরিকা ড্রোন ও রকেট হামলা চালানোর পর, তার পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান।

রবিবার হরমুজ প্রণালীর কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপ লক্ষ্য করে দু’টি রকেট ছোঁড়ে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সূত্রের দাবি, ইরান সেখান থেকে হরমুজ প্রণালীতে রকেট ও ল্যান্ডমাইন বসানোর প্রস্তুতি নিচ্ছিল, তাই এই আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ। ইরানের আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’-র রিপোর্ট অনুযায়ী, এই হামলায় সামরিক সদস্যসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছেন।

এর জবাবেই ইরান জর্ডানের কিং হুসেন এবং আল-আজরাক মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জর্ডানের মার্কিন ঘাঁটির রক্ষণাবেক্ষণ পরিকাঠামো এবং যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করে এই আক্রমণ চালানো হয়। তবে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’ দাবি করেছে, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, কৌশলগত লারাক দ্বীপটি ইরানের প্রধান বন্দর ‘বান্দার আব্বাস’-এর কাছে হরমুজ প্রণালীর কেন্দ্রস্থলে অবস্থিত—যে রুট দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) পরিবাহিত হয়। অভিযোগ উঠেছে, ইরান বর্তমানে আন্তর্জাতিক জাহাজ আটকে প্রণালী পারাপারের জন্য চড়া অর্থ আদায় করছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীকে মাইনমুক্ত করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক জলসীমায় নতুন করে মাইন পাতার বা বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট জলযান ধ্বংস করে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *