অ্যালার্ট! ফোনে এই ৭টি অ্যাপ থাকলেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেন্দ্র জারী করল জরুরি নির্দেশিকা!

স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে এক অত্যন্ত গুরুতর ও জরুরি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C)। তাদের অধীনে থাকা ‘ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট’ (NCTAU) একটি ভয়ঙ্কর সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে, যা পর্নোগ্রাফিক অ্যাপ ও চটকদার বিজ্ঞাপনের আড়ালে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে।
গত ২৬ অগস্ট নির্দেশিকা প্রকাশ করে কেন্দ্র জানায়, সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় ট্র্যাপ তৈরি করে একটি বিপজ্জনক অ্যানড্রয়েড প্যাকেজ কিট বা এপিকে (APK) ফাইল ইউজারদের ফোনে ডাউনলোড করানো হচ্ছে। এর ফলে কয়েক মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
যে ৭টি বিপজ্জনক অ্যাপ অবিলম্বে এড়িয়ে চলবেন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সতর্কবার্তা অনুযায়ী নিম্নলিখিত অ্যাপগুলি থেকে দূরে থাকার ও ফোনে থাকলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে—
- নাইট প্লে (Night Play)
- রিলুপ (Reloop)
- কিসস (Kyss)
- ভিমো (Vimo)
- রিভো (Rivo)
- নেক্সো (Nexo)
- ভিক্সা (Vixa)
এছাড়াও এই অ্যাপগুলির নামের সঙ্গে মিল থাকা একাধিক ভুয়ো ও ক্ষতিকারক অ্যাপ বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে রয়েছে।
যেভাবে পাতা হচ্ছে সাইবার ফাঁদ: ১. লোভনীয় বিজ্ঞাপন: সোশ্যাল মিডিয়ায় পর্ন কনটেন্টের প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করানো হয়। ২. থার্ড-পার্টি অ্যাপ: গুগল প্লে স্টোরের বাইরে বিভিন্ন অনিরাপদ ওয়েবসাইট থেকে ক্ষতিকারক এপিকে (APK) ফাইল ইনস্টল করানো হয়। ৩. অ্যাক্সেসিবিলিটি অনুমতি হাতিয়ে নেওয়া: অ্যাপ ইনস্টল হওয়ার পর চাতুর্যের সাথে ফোনের ‘Accessibility Permission’ কেড়ে নেওয়া হয়, যার ফলে পুরো ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের রিমোট সার্ভারে। ৪. ওটিপি চুরির মাধ্যমে অর্থ লোপাট: এই সুযোগ নিয়ে ব্যাকগ্রাউন্ডে ফোনের স্ক্রিন ট্র্যাক ও এসএমএস পড়ে ব্যাংকের ওটিপি (OTP) ও পিন (PIN) হাতিয়ে টাকা তুলে নেয় হ্যাকাররা। ৫. আনইনস্টল করা কঠিন: ম্যালওয়্যারযুক্ত এই অ্যাপগুলি ফোনে ফেক ভিপিএন (VPN) ইনস্টল করে ইন্টারনেট ট্রাফিক নিজেদের কব্জায় নেয়। ফলে সাধারণ নিয়মে এগুলি আনইনস্টল করা প্রায় আসাম্ভব হয়ে পড়ে।
তাই যেকোনো অজানা লিঙ্ক থেকে অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকার কড়া পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞেরা।